হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান
- আপডেট সময় ০৪:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
ইরানের সামরিক নীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবার আরো বেশি প্রস্তুতি, মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে সংঘাতে প্রবেশ করেছে।
আকরামিনিয়া বলেন, ইরান তার অভিযানে অপ্রতিসম যুদ্ধকৌশল এবং সমন্বিত কৌশল ব্যবহার করছে। তিনি আরো যোগ করেন, এই পদ্ধতি থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যার ফলে সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সক্ষম হচ্ছে।
১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের সামরিক কৌশল ধীরে ধীরে আগাম হামলা বা পূর্বপ্রস্তুতিমূলক অভিযানের দিকে ঝুঁকেছে উল্লেখ করে তিনি জানান, এ ধরনের পদক্ষেপের পক্ষে যুক্তি রয়েছে এবং জাতিসংঘ সনদেও এর অনুমোদন রয়েছে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে জর্ডান, সিরিয়া ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলাকে আগাম প্রতিরোধমূলক অভিযানের কথা উল্লেখ করেন তিনি।
জেনারলের আকরামিনিয়া বলেন, ‘এটি অব্যাহত থাকবে। যখনই আমরা কোনো হুমকি অনুভব করব, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে নিজেদের অধিকার রক্ষায় আমরা আগাম অভিযান পরিচালনা করব।’
সূত্র: মিডল ইস্ট আই



















