দৌলতদিয়ায় তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি
- আপডেট সময় ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’ নামে একটি ফেরি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদী পার হওয়ার পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে ত্রুটি দেখা দেয়। পরে স্রোতের টানে ফেরিটি নিচের দিকে ভেসে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়। বর্তমানে ফেরিটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করা অবস্থায় রয়েছে। ফেরিটি উদ্ধারের জন্য আইটি জাহাজ পাঠানো হয়েছে। ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে। মাঝেমধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।




















