সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
- আপডেট সময় ০৭:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদে নিয়োগের মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধি নিয়ে তুমুল সমালোচনা চলছে; বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনও করেছেন। এর মধ্যেই ভাইভার নম্বর বাড়িয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। ইতোমধ্যে প্রজ্ঞাপনের খসড়াও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১১ থেকে ২০তম গ্রেডে চাকরির ক্ষেত্রে নম্বর বাড়ানোর বিষয়টি সচিব কমিটির সভায় চূড়ান্ত হয়েছে। তবে প্রজ্ঞাপন আকারে জারি না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না। এজন্য প্রজ্ঞাপন জারির প্রস্তুিতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাজ করছে মন্ত্রণালয়।
নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, ‘খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেলে প্রজ্ঞাপন জারি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
গত রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সচিব কমিটিতে অনুমোদন পাওয়া বিধিমালা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের তিনটি ভাগে লিখিত পরীক্ষা ও ভাইভার প্রস্তাব করা হয়েছে। এই বিষয়টিই খসড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
খসড়া প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১১ ও ১২ গ্রেডের কর্মচারীদের ভাইভায় ১০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর করা হয়েছে, যা বিদ্যমান নম্বরের চেয়ে ৪০০ শতাংশ বেশি।
একই গ্রেডের লিখিত পরীক্ষায় ৯০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর করা হয়েছে। এই গ্রেডে বিদ্যমান লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হয়, প্রস্তাবিত খসড়ায় তা ৩৫ শতাংশ করা করা হয়েছে।
বিদ্যমান বিধিমালায় ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর যথাক্রমে ১০ ও ৯০। খসড়া প্রজ্ঞাপনে এসব গ্রেডের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর করা হয়েছে যথাক্রমে ৪০ ও ৬০। এসব গ্রেডের বিদ্যমান লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ হলেও খসড়া প্রজ্ঞাপনে তা কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
বিদ্যমান বিধিমালায় ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর ১০ ও ৪০। প্রস্তুতকৃত খসড়া প্রজ্ঞাপনে বিধিমালায় এই চারটি গ্রেডে ভাইভা ও লিখিত পরীক্ষার জন্য যথাক্রমে ২৫ ও ২৫ করা হয়েছে।



















