বিএনপি নেতাদের উপস্থিতিতে নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান
- আপডেট সময় ০১:০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৩৮ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে বিএনপি নেতাদের উপস্থিতিতে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আমতলীর চুনাখালী এলাকার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি করেন তারা।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
তিনি বলেন, ‘আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কি না, তা-ও জানি না।’
কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ‘আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।’



















