জয়পুরহাটে থানায় ঢুকে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে
- আপডেট সময় ১১:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে পুলিশের তিন সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আসলাম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর পুলিশের দায়ের করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গত সোমবারের হলেও গতকাল মঙ্গলবার মামলা হওয়ার পর জানাজানি হয়।
গ্রেপ্তার আসলাম হোসেন (২৮) কালাই উপজেলার থুপসাড়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থুপসাড়া গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।
থানা সূত্রে জানা গেছে, আসলাম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আরও একটি মামলা করেছেন কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব। মামলায় পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করার অভিযোগ আনা হয়েছে।
আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
























