বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগে সমালোচিত পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
- আপডেট সময় ০১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের দায়ে সমালোচিত একটি পুলিশ ইউনিট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সোমবার তিনি জানান, বড় আকারের বিক্ষোভ সামাল দিতে এর পরিবর্তে ‘বেসামরিক নেতৃত্বাধীন নতুন পদ্ধতি’ চালু করা হবে।
গত বছরের নির্বাচনী প্রচারণায় মামদানি পুলিশ বিভাগের ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেন। এক দশকের পুরোনো এই সন্ত্রাসবিরোধী ইউনিটটি রাস্তার বিক্ষোভে কঠোর কৌশল প্রয়োগের কারণে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। এর মধ্যে দাঙ্গা দমনের সরঞ্জামে সজ্জিত সশস্ত্র কর্মকর্তাদের পিপার স্প্রে ব্যবহার এবং গণগ্রেপ্তারের মতো অভিযোগও রয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশকে সঙ্গে নিয়ে এক যৌথ ঘোষণায় মামদানি জানান, তিনি ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’ নামে বেসামরিক নেতৃত্বাধীন একটি নতুন দল গঠন করছেন। এই দলের সদস্যরা নিরস্ত্র থাকবেন এবং কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে না তাদের।
তিনি আরও জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বিলুপ্ত হওয়া এসআরজি ইউনিটের আংশিক স্থলাভিষিক্ত হবে ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ নামে একটি নতুন ইউনিট। এই ইউনিটটি ভিন্নভাবে বিক্ষোভ পরিস্থিতি সামাল দেবে বলে তিনি উল্লেখ করেন।
এক বিবৃতিতে মেয়র বলেন, ‘নিউইয়র্কবাসীর সাংবিধানিক অধিকার অনুযায়ী বিক্ষোভ প্রদর্শনের ক্ষেত্রে সন্ত্রাসী হুমকি মোকাবিলার মতো একই ধরনের পুলিশি আচরণের মুখোমুখি হওয়া উচিত নয়।’
একটি ‘কুখ্যাত’ ইউনিট
২০২০ সালের গ্রীষ্মে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী, সাংবাদিক ও আইনি পর্যবেক্ষকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে মামলা করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ও নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এনওয়াইসিএলইউ) কয়েকটি পক্ষ। ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের এক আইনি সমঝোতায় এসআরজি ইউনিটটিকে তিরস্কার করা হয়।
এনওয়াইসিএলইউ ও অন্যান্য নাগরিক অধিকার সংগঠন মামদানির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে তাদের আশঙ্কা, নতুন ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ শেষ পর্যন্ত এসআরজি বিলুপ্তির বদলে কেবল নতুন নামে সেটিরই পুনরাবৃত্তি হতে পারে।
আইনি সহায়তা সংস্থা ‘দ্য লিগ্যাল এইড সোসাইটি’ সোমবার এক বিবৃতিতে ‘এনওয়াইপিডির অন্যতম কুখ্যাত এ ইউনিট’ বিলুপ্ত করার প্রশংসা করেছে। তবে সংস্থাটি বলেছে, ‘এসআরজির কৌশলগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে নতুন ইউনিটটির ওপর কঠোর নজরদারি রাখতে হবে।’
এনওয়াইসিএলইউ জানিয়েছে, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সঙ্গে ২০২৩ সালে হওয়া আইনি সমঝোতা মেনে চলাসহ নতুন এই ইউনিটের কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ জানান, আগামী বসন্তের আগেই এসআরজির প্রায় ৫০০ কর্মকর্তাকে বিভাগের অন্যান্য শাখায় বদলি করা হবে। তাদের মধ্যে কয়েকজনকে বিদ্যমান কাউন্টারটেররিজম ব্যুরোতে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
মেয়রের সঙ্গে এবিসির ‘আইউইটনেস নিউজ’-কে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে টিশ বলেন, ‘জনসমাগম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এনওয়াইপিডির কার্যপদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে না।’
নতুন প্যাট্রোল সাপোর্ট ডিভিশন কীভাবে এসআরজি থেকে আলাদা হবে কিংবা এতে এসআরজির সাবেক কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নে কোনো জবাব দেননি মেয়রের এক মুখপাত্র।
পুলিশ ইউনিয়নগুলো এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এর ফলে পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেন্ড্রি এক বিবৃতিতে বলেন, ‘আগামীতে যখন বিক্ষোভকারীরা সেতু ও সড়ক অবরোধ করে বা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার জীবনযাত্রা ব্যাহত করবে, তখন মনে রাখবেন—মেয়র মামদানি আপনাদের পক্ষে নন, বরং তাদের পক্ষেই আছেন।’



















