রোজায় ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
- আপডেট সময় ১১:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৫৮০ বার পড়া হয়েছে
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়াতে রমজান মাসে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকে সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ।
প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এতে আরো বলা হয়, ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।



















