চাঁদাবাজির প্রতিবাদ করায়
কৃষিবিদ ডা. শাহাদাতের ওপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রতিবাদ সভা
- আপডেট সময় ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), বিভিএসএ এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভ্যাবের নেতৃবৃন্দ অধ্যাপক ড. মীর রওশন আক্তার, অধ্যাপক ড. নাজমুল হাসান পারভেজ, ডা. কামরুজ্জামান মিঠু ও ডা. আহসান হাবিব হেলাল।
সমাবেশে ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার বলেন, “শাহাদাত কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি বাকৃবি ক্যাম্পাস, অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন এবং পরবর্তীতে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ওপর এমন বর্বরোচিত হামলা আমাদের কল্পনারও অতীত। আমরা হাবিপ্রবি শাখার সকল পেশাজীবী ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী ও ছাত্রদলের সদস্যরা একই পতাকার নিচে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সবাই দেখেছি কারা এ হামলায় জড়িত ছিল। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
ভ্যাবের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু বলেন, “আমরা কোনো আনুষ্ঠানিকতা পালনের জন্য এখানে দাঁড়াইনি; দাঁড়িয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করতে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের অধিকার রাখি। কিন্তু কোনোভাবেই একজন মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গ্রহণযোগ্য নয়। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সমাবেশে ভ্যাবের নেতৃবৃন্দ, পেশাজীবী ভেটেরিনারিয়ান, সাধারণ শিক্ষার্থী এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের নেতা নেওয়াজ, পারভেজসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।






















