নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় ছাত্রলীগের দুই কর্মী
- আপডেট সময় ০৩:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ২৩২ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বিলুপ্ত কমিটির সহসভাপতি শামীম হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন ইকবাল দিহান। তবে তাঁদের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ও সমালোচনা।
সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, শামীম হোসাইন অতীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর সঙ্গে রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে ছাত্রলীগের পক্ষে কাজ করা এবং সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে তাঁকে অংশ নিতে দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের ছবি ও তথ্য সামনে আসায় নতুন কমিটিতে তাঁর পদপ্রত্যাশিতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

অন্যদিকে, বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন ইকবাল দিহানও নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। তবে তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ধানকাটা কর্মসূচি, ভর্তি পরীক্ষাকেন্দ্রিক কার্যক্রম এবং বিভিন্ন মিছিল-সমাবেশে তাঁর অংশগ্রহণের ছবি সামনে আসার পর এ নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে।

এদিকে, স্থানীয় ঠিকাদার রুমেলের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ছাত্রলীগের সাবেক নেতা জাহিদ হাসান শুভকে অর্থায়ন ও বিভিন্নভাবে সহযোগিতা করে তাঁর কমিটি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন রুমেল। একইভাবে এবার শামীম হোসাইন ও শাফিন ইকবাল দিহানকে ছাত্রদলের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দিতে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।



















