নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি জামায়াত এনসিপি
- আপডেট সময় ০৬:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে রাতভর পাহারা ও বিক্ষোভ মিছিলের পর সকাল থেকেই ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। গতকাল সোমবার গভীর রাত থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত জেগে পাহারা দেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
কথিত অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল র্যালি হয়েছে নগরীতে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে আয়োজিত র্যালিটি নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।]
র্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে শিবির। নগরের জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বেশ কিছু এলাকায় রাত ১টা থেকে ৪টা পর্যন্ত লাঠি হাতে ছাত্রলীগ প্রতিরোধে মহড়া দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনকে। এমনকি নগরে ঘুরে ঘুরে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানানো হয়েছে, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।
এর আগে সোমবার মধ্যরাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া নগরের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এই দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমাদের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।



















