‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’-মোসাদ্দেক
- আপডেট সময় ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিরোধীদল বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। তিনি প্রশ্ন রাখেন একটি নিষিদ্ধ সংগঠনকে ঢাবি উপাচার্য কীভাবে বিরোধী দল বলতে পারেন?
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে পলাতক আওয়ামী লীগের ককটেল হামলার প্রতিবাদে উপাচার্য ভবন ঘেরাওকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে লীগের সন্ত্রাসীরা হুমকি দিয়েছে তারা ক্যাম্পাসে বোমা হামলা করবে , ককটেল হামলা করবে। আমাদের ভিসি মহোদয় বলছেন আজ রাতে তারা মিটিং করবে অথচ কয়েকদিন আগে থেকে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ভিসি স্যার বলছেন আওয়ামী লীগ নাকি বিরোধীদল, বিরোধীদলে থাকলে তারা এসব করে। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনকে তিনি কীভাবে বিরোধীদল বলছেন আমরা সেটা প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে লীগের সন্ত্রাসীদের পুনর্বাসিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টেড করা হচ্ছে। আইবিএর ইউসুফ আব্দুল্লাহ যার ব্যাপারে ৪০০ পৃষ্ঠার অভিযোগপত্র দেওয়া হয়েছে তাকে আবারও আইবিএর চেয়ারম্যান করা হয়েছে।’
উল্লেখ্য, গতকাল ঢাবির বিভিন্ন জায়গায় ককটেল হামলার পর মঙ্গলবার দুপুরে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল হামলা করে পলাতক আওয়ামী লীগ । এতে আহত হন ১ জন। এর প্রতিবাদে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে ডাকসু প্রতিনিধিরা।



















