বদর যুদ্ধ নিয়ে মনগড়া “মিথ্যা” বক্তব্য দিয়ে বিতর্কের মুখে তারেক রহমান
- আপডেট সময় ১০:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৭ বার পড়া হয়েছে
বদরের যুদ্ধ হযরত আয়েশার নেতৃত্বে পরিচালিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে ঐতিহাসিকভাবে এটি সত্য নয় বলে জানিয়েছেন ইসলামি স্কলাররা। এমন মনগড়া বক্তব্য দিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের একটি সমাবেশে জামায়াতে ইসলামীর এক্স (X) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে তিনি এমন কথা বলেন।
সমাবেশে তারেক রহমান বলেন, ‘এরা (জামায়াতে ইসলামি) বলে ইসলামের রাজনীতি করে। অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কীভাবে একটি রাজনৈতিক দলের নেতা এবং কীভাবে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দে জর্জরিত করল। প্রিয় ভাই-বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা কমবেশি সবাই জানেন। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা (রা.) তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল, সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল।
তিনি বলেন, কাজেই আমরা ইসলাম ধর্মের কথা বলি, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থানের কথা বলি—সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে। এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারব না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারব—এটি আমরা কখনোই মনে করি না।”
এদিকে হযরত আয়েশা (রা.) বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা—এমন প্রশ্নের জবাবে ইসলামিক স্কলার ও মিফতাহুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, তিনি (তারেক রহমান) যুদ্ধের নাম ভুল বলেছেন। মা আয়েশা যুদ্ধ করেছেন ঠিক আছে, কিন্তু সেটা জঙ্গে জামাল বা উষ্ট্রের যুদ্ধ। এটা রাসুল (সা.)-এর ইন্তেকালের অনেক পরে। মা আয়েশার বয়স তখন অনেক কম ছিল—মাত্র ৯–১০ বছর। রাসুল (সা.)-এর ইন্তেকালের সময় তার বয়স ছিল ১৮ বছর। রাসুল (সা.) ইন্তেকাল করেন ১১ হিজরিতে, আর বদরের যুদ্ধ হয় ২য় হিজরিতে। তাই ৯ বছর মাইনাস করলে তার বয়স হয় মাত্র ৯ বছর।
তারেক রহমানের দেওয়া তথ্যটি ভুল ছিল বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী আমির হামজা। তিনি বলেন, হযরত আয়েশা (রা.) বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নি। ফলে তার নেতৃত্ব দেওয়ার প্রশ্নই আসে না। বদরের যুদ্ধে যে ৩১৩ জন সাহাবি অংশগ্রহণ করেছিলেন, ঐতিহাসিকভাবে স্বীকৃত সেই তালিকার মধ্যেও আয়েশা (রা.) এর নাম নেই।


















