বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় বিদ্যালয়ে তালা দিল বিএনপি নেতারা, অনুষ্ঠান পণ্ড
- আপডেট সময় ০৩:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না করায় বিদ্যালয় কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই দৌড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন আওয়াল লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি কারণ জানতে চান। এ সময় শিক্ষার্থীদের সামনেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের গালিগালাজ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আতঙ্কিত হয়ে শিক্ষার্থী এদিক-সেদিক ছুটোছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। এরপর বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ, প্রধান শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তালা দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘণ্টাখানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।























