বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
- আপডেট সময় ০৫:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
বংশীয় পদবিতে ইউনিয়ন ও ছেলেদের নামে ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে বিতর্কের মধ্যেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবারের সদস্যের নামে করা নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। সূত্রের তথ্য, মায়ের নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আবেদন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম সেলিম রেজা হাবিব। সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নাম পরিবর্তনের জন্য এমপি এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন জমা দেন।
চিঠিতে বলা হয়, উল্লিখিত প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৩.০৭.২০২৩ তারিখের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী উল্লিখিত প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সুপারিশসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রশাসনিক নথি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নামই ছিল ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ । পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬/০২/২০১০ খ্রি: স্মারক নং- শিম/শা: ১১/৫-১/২০১০/১২৫ এর মাধ্যমে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করা হয়।
এদিকে গতকাল দিনভর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তার দুই ছেলের নামে তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা-সমালোচনা চলে।



















