বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি এখন ‘সবার আগে বিএনপি’
- আপডেট সময় ০৬:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
দুর্নীতি, দলীয়করণ ও লুটপাটের কারণে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি এখন ‘সবার আগে বিএনপি’তে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য জোট খুলনা বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে রাজপথে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আগামী ২০ জুনের সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করা হয়।




















