পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
- আপডেট সময় ০৯:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওইসব নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিমকে বহিষ্কার না করার ঘটনায় মোয়াজ্জেম হোসেনের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেস ক্লাব, কুয়াকাটা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার আহ্বান জানিয়েছেন তারা।



















