পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অতিথি না করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আয়োজকরা।
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের অবসরজনিত সভায় হামলা
- আপডেট সময় ০৬:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হামলায় কেউ আহত না হলেও প্লাস্টিকের চেয়ার-টেবিল ভাঙচুর, অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলা এবং রান্না করা খাবার নষ্ট করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম জানান, শিক্ষকতা জীবন থেকে অবসর উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুর রহমান বলেন, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. শাহীনা আক্তার বলেন, ‘অতিথিরা পৌঁছানোর আগেই হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেওয়া হয়েছে। একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সরদার এবং সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামাণিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে সাংগঠনিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের মতে, এ ঘটনার পেছনেও সেই অভ্যন্তরীণ বিরোধের প্রভাব রয়েছে।



















