১০ লক্ষাধিক টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে হাবিপ্রবি’র ঝুকিপূর্ণ লিফট
- আপডেট সময় ০৮:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দশ লক্ষাধিক টাকা ব্যায়ে সংস্কার করা হচ্ছে ১০ টি লিফট। বিগত সময়ে লিফট নিয়ে নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে অভিযোগ জানিয়েছিলো শিক্ষার্থীরা। লিফটে উঠে ভিতরে আটকে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বারবার লিফট সংস্কার এবং স্থায়ী টেকনিশিয়ান নিয়োগের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা।
জানা যায়, হাবিপ্রবির অচল লিফটগুলো সচল করতে এবং লিফটের ত্রুটি চিহ্নিত করতে কয়েকমাস আগে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এ কমিটি ত্রুটি চিহ্নিত করতে একজন বিশেষজ্ঞ দ্বারা সমস্যা চিহ্নিত করে প্রতিবেদন জমা দেয়। এরপর এসব ত্রুটি সারাতে টেন্ডার আহ্বান করে প্রশাসন। টেন্ডারে দশ লক্ষাধিক টাকা ব্যয়ে লিফট সংস্কারের দায়িত্ব দেয়া হয়েছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সংস্কার কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে সবগুলো লিফট সচল হবে বলে নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
এ বিষয়ে লিফট সংস্কার বিষয়ক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. আবুল কালাম বলেন, লিফটের ত্রুটি চিহ্নিত করতে কমিটি গঠনের পর আমরা একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে লিফটের ত্রুটিগুলো চিহ্নিত করি। কয়েকটি লিফটে গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম না থাকার কারণে সেগুলো অচল হয়ে ছিলো। এসব সমস্যা সমাধানের জন্য একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ শেষ হলে দশটি লিফটিই সচল করা সম্ভব হবে। এই সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছি।























