নোয়াখালীতে সড়কের গাছ কেটে নিল যুবদল নেতা
- আপডেট সময় ০৯:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবদল নেতার বিরুদ্ধে সড়কের সরকারি গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সুনির্দ্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমানকে অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরেজমিনে তদন্তকারি কর্মকর্তা সিরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন।
অভিযুক্ত যুবদল নেতা শহীদ উল্যাহ শহীদ (৪৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের মৃত সোলাইমান মাস্টারের ছেলে এবং সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বলে নিশ্চিত হওয়া গেছে। গত শনিবার বিকেলে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের কবির পুকুর সংলগ্ন দক্ষিণে পাকা সড়কের পশ্চিম পাশ্বে সরকারি একটি মূল্যবান মেহগনির গাছ কেটে নিয়ে যায় ওই যুবদল নেতা শহীদ।
অভিযুক্ত সাবেক যুবদল নেতা শহীদ উল্যাহ শহীদ বলেন, নিলামে নেয়া বড় একটি রেইট্রি (কড়ই) গাছের ঢাল কাটতে গিয়ে ওই মেহগনী গাছের ঢাল ভেঙে যাওয়ায় আমি গাছটি কেটে নিয়ে যাই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে কেন তিনি গাছটি নিয়ে গেছেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শহীদ নিলামে ক্রয় করা ১৫টি গাছের অতিরিক্ত মেহগনি গাছ কেটে নিয়ে যায়। এর কোন সুরাহা না করায় বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে অবহিত করা হয়েছে। বন ও পরিবেশ আইনানুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।




















