বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা
- আপডেট সময় ০৭:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল দলত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এনসিপির সাবেক এই নেতা বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গত জাতীয় নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে এনসিপির হয়ে এমপি হওয়ার প্রত্যাশা নিয়ে রাজনীতি করার পর সাভারের ঢাকা-১৯ আসনে গিয়ে বিএনপিতে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
মনোনয়ন না পাওয়ার পর দল পরিবর্তনের ঘটনাকে অনেকে আদর্শের পরিবর্তনের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও সুবিধা নিশ্চিতের কৌশল হিসেবে দেখছেন। ফলে তার এই দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ‘মনোনয়নকেন্দ্রিক রাজনীতি’ নিয়ে আলোচনা করছেন।
এ বিষয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, আসাদুল ইসলাম মুকুলের এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান তার একান্ত ব্যক্তিগত বিষয়। তার দাবি, মুকুল ধামরাইয়ে দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা ছিলেন না এবং দলে তার এমন উল্লেখযোগ্য অবদানও নেই যে তার দলত্যাগে এনসিপি দুর্বল হয়ে পড়বে। এছাড়া মুকুলকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও জানান তিনি।
বিএনপিতে যোগদানের বিষয়ে আসাদুল ইসলাম মুকুল জানান, এনসিপি ছাড়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই। বিএনপির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি দলটিতে যোগ দিয়েছেন।
বিএনপিতে কোনো পদ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, আগে কাজ করবেন, এরপর দল তার কাজের মূল্যায়ন করবে।
ধামরাই তার এলাকা উল্লেখ করে তিনি বলেন, দল সুযোগ দিলে ধামরাইয়ের মানুষের জন্য কাজ করব।






















