গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০
- আপডেট সময় ০৪:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় ৭৩ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ৭৪ হাজার ৫৪০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গাজা সরকারি তথ্য কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা সম্প্রতি এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, নিহতদের এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রতি ৩৩ জনের মধ্যে একজন। অন্যদিকে, চলমান এই হামলায় আহত হয়েছে অন্তত ১ লাখ ৭৪ হাজার ৫৪০ জন ফিলিস্তিনি। অর্থাৎ, গাজার প্রতি ১৪ জন বাসিন্দার মধ্যে একজন আহত হয়েছে। আহতদের অনেকের শরীরে স্থায়ী বা জীবনের গতিপথ বদলে দেওয়ার মতো মারাত্মক আঘাত দেখা গেছে।
পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২৫ সালের ১০ অক্টোবরের তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পরও থেমে থাকেনি ইসরাইলি হামলা। ওই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেও গাজায় নতুন করে অন্তত ১ হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪ হাজার ৪২৯ জন।
গাজার উত্তর অঞ্চল থেকে শুরু করে গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ পর্যন্ত পুরো উপত্যকাজুড়ে অবরুদ্ধ সাধারণ ফিলিস্তিনিরা লাগাতার বিমান ও স্থল হামলার শিকার হচ্ছে। সার্বিক পরিস্থিতিতে গাজার মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।


















