হাবিপ্রবিতে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ, বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
- আপডেট সময় ০৬:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স (ডিভিএম) অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলা শেষে স্লেজিং ও অশালীন অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ডিভিএম অনুষদের কয়েকজন শিক্ষার্থীকে কোমরের বেল্ট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হল মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে কৃষি অনুষদ ও ডিভিএম অনুষদের মধ্যকার খেলায় জয়লাভ করে কৃষি অনুষদ। খেলা শেষে কৃষি অনুষদের শিক্ষার্থীরা মাঠের এক পাশে বিজয় উদযাপন করছিলেন। অন্যদিকে মাঠের অপর পাশে অবস্থান করছিলেন পরাজিত দলের শিক্ষার্থীরা।
এ সময় কৃষি অনুষদের এক শিক্ষার্থী প্রতিপক্ষ দলের শিক্ষার্থীদের উদ্দেশে স্লেজিং ও অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ডিভিএম অনুষদের শিক্ষার্থীদের কোমরের বেল্ট খুলে মারধরের অভিযোগ উঠেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম বলেন, “আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।



















