জবি সাংবাদিক সমিতিতে ছাত্রদলের হামলা ও দখলের চেষ্টা, আহত ১০
- আপডেট সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৯৯ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংঘটিত এই হামলায় পেশাগত দায়িত্ব পালনরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।
আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।






















