ঢাবি সিবিপি-র উদ্যোগে ‘আরবিসি স্কুল ২০২৬’ শীর্ষক কর্মশালা
- আপডেট সময় ১২:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
ব্যবসায়িক কর্মকাণ্ডে মানবাধিকার রক্ষা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ (Responsible Business Conduct – RBC) নিশ্চিত করার লক্ষ্যে দেশের তিন জেলায় বিশেষ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (CBP)। ‘আরবিসি স্কুল ২০২৬’ শীর্ষক এই কর্মসূচিটি দেশের তিনটি প্রধান শিল্প ও বাণিজ্য নগরী খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
গত ১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিবিপি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যবসায়িক ক্ষেত্রে ন্যায়পরায়ণতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR), হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স এবং শ্রম বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞসহ ইন্ডাস্ট্রি লিডাররা এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পৃথক ব্যাচে মোট ১৫ দিনব্যাপী (প্রতিটি ৫ দিন) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সূচিগুলো হলো: খুলনা (২০–২৪ এপ্রিল), নারায়ণগঞ্জ (০৪–০৮ মে ) এবং চট্টগ্রাম (১৮–২২ মে)। আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে www.rbcschool.org/apply লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক, উন্নয়নকর্মী এবং নবীন পেশাজীবীরা এই আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।
আয়োজক সংস্থা সিবিপি জানায়, জার্মান উন্নয়ন সংস্থা (GIZ), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশে ডেনমার্ক ও নেদারল্যান্ডস দূতাবাস, সুইডিশ সরকার এবং ইনিশিয়েটিভ ফর গ্লোবাল সলিডারিটি (IGS) এর সার্বিক সহযোগীতায় এই প্রশিক্ষণ তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ব্যবসা ও মানবাধিকার বিষয়ে গভীর সচেতনতা তৈরি করবে। যা ভবিষ্যতে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, টেকসই এবং দায়িত্বশীল ব্যবসায়িক সংস্কৃতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















