নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
- আপডেট সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অভিযুক্তরা হলেন- একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ (৬৫) বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, এবং তার ছেলে জীবন মিয়া।
নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিলো। এই নিয়ে একাধিকবার দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, শনিবার দুপুরে মিজান মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

















