জাসদ কার্যালয়ে নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক নেতা আটক
- আপডেট সময় ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বৈঠক থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে জাসদের ওই কার্যালয় থেকে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে তাকে পল্টন থানায় নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে এই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হয়েছিল বলে জানা যায়। এসব বিষয় জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখে। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকাল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের করতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য জানিয়েছেন, তাদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়াসহ একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছে, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’



















