‘প্রধানমন্ত্রী, আপনার দলের ধ্বংস নিশ্চিত’- বিএনপি নেতার স্ট্যাটাস
- আপডেট সময় ১১:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের ধ্বংস নিশ্চিত’- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর। তার এই পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
আজ শুক্রবার (৯ অক্টোবর) ফেসবুক পোস্টে জামাল হোসেন লস্কর লেখেন, ‘হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman, আপনার দলের ধ্বংস নিশ্চিত। আপনি বলেছিলেন, মিছিলের শেষ কর্মীটি মূল্যায়ন পাবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, প্রথম কর্মীটি অস্তিত্ববিলীন। সময় কিন্তু এক রকম যায় না—খারাপ সময় যেকোনো মুহূর্তে!’
এ বিষয়ে জানতে চাইলে জামাল হোসেন লস্কর বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছি। জেলে গিয়েছি, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি, চাকরিচ্যুত হয়েছি। অনেক দিন না খেয়ে রোজা রাখতে হয়েছে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনও অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছে।
জামাল হোসেন লস্কর আরও বলেন, ‘এত ত্যাগের বিনিময়ে সারের ডিলার হিসেবে আওয়ামী লীগের নেতা ও জুলাই বিপ্লবের আন্দোলন-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত এক আসামিকে মূল্যায়ন করেছে আমার প্রিয় দল বিএনপি।’
তিনি বলেন, ‘আমার দলের মাননীয় চেয়ারম্যান ও বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, রাজপথের মিছিলের শেষে থাকা কর্মীকেও মূল্যায়ন করা হবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, দলের নিবেদিত, ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মুহূর্তে মুহূর্তে অপমান ও অবমূল্যায়ন করা হচ্ছে। এমন হবে কখনো ভাবিনি। বিষয়টি খুবই হতাশাজনক এবং একজন কর্মী হিসেবে খুবই লজ্জাজনক।’
জামাল হোসেন লস্কর সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং সরাইল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক। এ ছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক।




















