শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০১:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল স্বাক্ষর করেন।
এতে উল্লেখ করা হয় উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠে, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ অবস্থায় তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ১৫ মার্চ রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার এক কিশোরীকে শুক্কুর জড়িয়ে ধরে। একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে পুলিশ তাকে আটক করলে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়। পরে ১৬ মার্চ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়। বৈঠকে শুক্কুরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেক বহিস্কারের সিদ্ধান্ত দেয় উপজেলা বিএনপির নেতারা।




















