বিএসইসি ভিডিও প্রতিযোগিতায় দেশসেরা হাবিপ্রবির ‘দ্য ব্লাইন্ড মেন’
- আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও প্রতিযোগিতা’-তে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিল্ম ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত দল ‘দ্য ব্লাইন্ড মেন’।
১২ এপ্রিল (রবিবার) ২০২৬, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক জমকালো সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
‘পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধিতে আর্থিক জ্ঞান’ ক্যাটাগরিতে হাবিপ্রবির ‘দ্য ব্লাইন্ড মেন’ দলটি প্রথম স্থান অধিকার করে। এই বিভাগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তৃতীয় স্থান অর্জন করে।
চ্যাম্পিয়ন ভিডিওটি রচনা ও নির্দেশনায় ছিলেন মোরশেদুল ইসলাম (ইমন)। পরিচালনায় আসিফ বিন আলিম, চিত্রগ্রহণে সাকিব মাহমুদ এবং সম্পাদনায় ছিলেন তৌফিকুর রহমান। অভিনয়ে অংশ নেন আসিফ বিন আলিম, ত্রয়ী সরকার, শর্মী বসাক ও মুশফিকুল আলম অনিক।
বিএসইসি কমিশনার ফারজানা লালারুখের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে তিন ক্যাটাগরির সেরা ৯টি দলের ভিডিও প্রদর্শিত হয়। অন্যান্য বিভাগের মধ্যে ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ বিভাগে হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং ‘পুঁজিবাজারে ঝুঁকি’ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (IBA) দল প্রথম স্থান অর্জন করে।
জাতীয় পর্যায়ের এই বিশাল সাফল্যকে হাবিপ্রবি ফিল্ম ক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সৃজনশীল অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন হাবিপ্রবির সম্মিলিত সৃজনশীলতা ও পেশাদারিত্বের এক অনন্য প্রতিফলন, যা আগামীতে আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে।






















