শিক্ষাপ্রতিষ্ঠানে গরুর হাট না বসানোর নির্দেশ সংসদ হুইপের
- আপডেট সময় ০৫:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
ঈদুল আজহাকে সামনে রেখে শরীয়তপুর জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কিংবা ক্যাম্পাসে অস্থায়ী গরুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনের জায়গা। সেখানে পশুর হাট বসিয়ে পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার (১৭ মে) ডামুড্যা উপজেলায় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, প্রতি বছর ঈদুল আজহার আগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে গরুর হাট বসানো হয়। এতে মাঠের ঘাস ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশ দূষণ সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়। শিক্ষার্থীদের খেলাধুলা ও পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ জনগণের সম্পদ। এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ঈদের পশুর হাট নির্ধারিত স্থানে বসাতে হবে এবং সেখানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
হুইপ অপু স্থানীয় প্রশাসন, পৌরসভা ও উপজেলা প্রশাসনকে বিষয়টি কঠোরভাবে তদারকির নির্দেশ দেন।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা ব্যবহার করার চেষ্টা করলে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।






















