নবীনদের বরণ করে নিতে প্রস্তুত যবিপ্রবি, ওরিয়েন্টেশন ১৫ জুলাই
- আপডেট সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ আগামী ১৫ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাঁদের মাঝে বিশেষ ‘ওরিয়েন্টেশন কিট’ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি সফল করতে এবং নির্ধারিত কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।























