জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- আপডেট সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৫ই আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯:৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত এক ‘বিজয় র্যালি’ অনুষ্ঠিত হবে। সকাল ৯:৫৫ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটা ও ১০:০০টায় টিএসসি ভবনের ৩য় তলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়ও, সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘জুলাই ২০২৪ গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। বাদ যোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও শহীদদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এবং বিকালে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




















