নতুন ভিসিকে ক্যাম্পাসের বাইরে রেখেই চলছে ‘ডুয়েট ব্লকেড’
- আপডেট সময় ১২:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যকে (ভিসি) প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি শুরু হলে ক্যাম্পাসের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না।
গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ তার নিয়োগের বিরোধিতা করে আন্দোলন শুরু করে।
শিক্ষার্থীদের দাবি, বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় ডুয়েটের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
আন্দোলনকারীরা তিন দফা দাবি জানিয়েছেন—ভিসি নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ এবং সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।
নবনিযুক্ত ভিসি মোহাম্মদ ইকবাল গতকাল যোগদান করলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।
এদিকে ক্যাম্পাসে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অবস্থান ও বিবৃতি দেখা গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি সহ্য করা হবে না।
গাজীপুর সদর থানার পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
























